সরকারি সফরে মঙ্গলবার সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ মে) আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কমান্ডার অব রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সেসের লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইরের আমন্ত্রণে এ সফরে গেছেন সেনাপ্রধান।
সফরকালে রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সেস কমান্ডার, রয়্যাল সৌদি আর্মড ফোর্সেস-এর চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৭ মে দেশে ফিরবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।