বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে আলী আকবর বাপ্পী (৩৩) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত দেড়টার দিকে শহরের পাড় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই হত্যাকান্ড ঘটে। নিহত আলী আকবর বাপ্পী টাঙ্গাইল শহরের ৪ নম্বর ওয়ার্ডের চর দিঘুলীয়া এলাকার মৃত দেলবর ব্যাপারীর ছেলে। তিনি শহরের পার্ক বাজারে মাছের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে মোবাইল ফোনে এক বড় ভাইয়ের ফোনকল পেয়ে বাপ্পী এলাকার একটি মুদির দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে স্ত্রী আঁখি আক্তার শহীদ মিজানুর রহমান উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাপ্পীর ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পান। টাঙ্গাইল মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মাছ ব্যবসায়ী আলী আকবর বাপ্পীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পাড় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চবিদ্যালয়ের সামনে ফেলে রেখে যায়। মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কোপানোর অসংখ্য চিহ্ন রয়েছে।