ভেজাল মসলা তৈরি করে বাজারজাত, আটক ১০

চট্টগ্রামে ভেজাল মসলা তৈরি করে বাজারজাতের অভিযোগে কারখানা মালিকসহ ১০ জনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় ১৫ মণের বেশি ভেজাল মসলা, রং ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ মে) চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন ক্রসিং মিল কারখানার মালিক মো. জসিম উদ্দিন (৪০), ও মো. আলাউদ্দিন (৩৬), কর্মচারী শরীফ হোসেন (৪০), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০) মো. সজল (৪৩), আবদুল কাদের (৩৮), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তা (মিডিয়া) নুরুল আবছার জানান, চাক্তাই এলাকায় জসিম উদ্দিনের কারখানায় অভিযান চালিয়ে ভেজাল রং মেশানো ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং ১২ কেজি ভেজাল রং ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।