চলতি হজ মৌসুমের স্লোগান

মানুষের মাঝে হজের ঘোষণা দিন

চলতি হজ মৌসুমের লোগো প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয়। এবারের হজের লোগেতে ‘আজ্জিন বিন্নাস’ শব্দটি যুক্ত করা হয়েছে। যার অর্থ, মানুষের মাঝে হজের ঘোষণা দিন। সৌদি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে। এবারে হজের লোগো নির্ধারণের ক্ষেত্রে পবিত্র কোরআনের সুরা হজের ২৭ নম্বর আয়াতের সঙ্গে মিল রাখা হয়েছে। যেখানে কাবা নির্মাণ শেষে আল্লাহতায়ালা হজরত ইবরাহিম আলাইহিস সালামকে মানুষের মাঝে বায়তুল্লাহয় এসে হজ করার জন্য ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সুরা হজের ২৭ নম্বর আয়াতে মূলত বলা হয়েছে, ‘আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃশকায় উটের পিঠে করে, তারা আসবে দূরদুরান্তের পথ অতিক্রম করে।’ সুরা হজ : ২৭

দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন লোগোটি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সব অ্যাকাউন্ট ছাড়াও অফিস ও সহযোগী প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে। মন্ত্রণালয় বলেছে, ‘হজের মৌসুমের লোগোটি মন্ত্রণালয়ের পরিষেবা এবং হজযাত্রীদের দেওয়া সব ধরনের সুযোগ-সুবিধাকে প্রতিফলিত করে।’