বাংলাদেশের স্থানীয় বাজারে স্মার্ট ডিভাইসের চাহিদার কথা মাথায় রেখে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ও মোবাইল সার্ভিস প্রদানকারী ট্রানশান হোল্ডিংস বাংলাদেশে উদ্বোধন করেছে ‘আই স্মার্ট ইউ’ ফ্যাক্টরি। এই নতুন ফ্যাক্টরিটির অবস্থান নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে।
ফ্যাক্টরিটি উদ্বোধন করেন ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার জর্জ জু এবং ‘আই স্মার্ট ইউ’ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশে চীনের দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল।
ট্রানশান হোল্ডিংসের চেয়ারম্যান এবং জেনারেল ম্যানেজার জর্জ জু বলেন, প্রায় ১৭০ মিলিয়নের বেশি জনসংখ্যার এই দেশে গ্রাহক পর্যায়ে সাশ্রয়ী এবং উচ্চ মানের ফিচার সহ মোবাইল ফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে বাংলাদেশের নতুন সম্ভাবনাময় বাজার তৈরি হচ্ছে।
আই স্মার্ট ইউ ফ্যাক্টরির প্রথম ধাপের বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার। নকশা থেকে নির্মাণ সব ক্ষেত্রেই এই ফ্যাক্টরি সর্বাধুনিক প্রোডাকশন স্ট্যান্ডার্ড বজায় রাখছে। ২২ হাজার বর্গমিটারের এই বিশাল ফ্যাক্টরিতে গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকছে উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড। উৎপাদন প্রক্রিয়াকে নিরবচ্ছিন্ন রাখতে টেকসই মান ও দক্ষতার দিকে নজর দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টার ফলে বাংলাদেশের স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ট্রানশান সফল হবে। বাংলাদেশে ‘আই স্মার্ট ইউ’ ফ্যাক্টরি স্থাপন ট্রানশানের জন্য একটি মাইলফলক। এই ফ্যাক্টরিতে ২০০০ এর বেশি স্থানীয় লোক কাজের সুযোগ পাবেন।