মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাদশা আলম (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা কুড়িগ্রাম সদর উপজেলার হোলখানা ইউনিয়নের বাসিন্দা ও সারডোব আরডিআরএস বাজারের মুদি দোকানি ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজের মোটরসাইকেলে আরডিআরএস বাজার থেকে ফুলবাড়ী যাচ্ছিলেন বাদশা। পথে খেজুরতলা এলাকায় শুকাতে দেওয়া খড়ের উপর ব্রেক কষলে গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এতে মাথা থেঁতলে যায় তার। ঘটনাস্থলেই মারা যান বাদশা।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যূর মামলা দায়ের করা হয়েছে।