চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাটের অপরাধে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম। গত বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত সূত্র এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন গোপন সংবাদে ওই এলাকায় গিয়ে পুকুর ভরাটের সত্যতা নিশ্চিত হয়। পরে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করে মিজানুর রহমান ও জামশেদকে জরিমানা এবং পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। এ সময় আগামী সাত দিনের মধ্যে দ-প্রাপ্তরা নিজ খরচে ভরাট করে ফেলা পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনবেন বলে ভ্রাম্যমাণ আদালতের নিকট মুচলেকা দেন।