নরসিংদীতে কমিটি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ আশরাফুল ইসলাম (২০) নামে আরও এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মৃত্যু হলো দুজনের। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের চিনিশপুরে বিএনপির কার্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) এবং সাঠিরপাড়ার আশরাফুল ইসলাম (২০)। তারা দুজনই সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা।
সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা গতকাল সোয়া ৭টায় সাদেকুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর আজ সকালে আশরাফুলের মৃত্যু হলো।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সাদেকুর এবং আজ আশরাফুলের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলাজুড়ে। গতকাল রাত ১১টার দিকে হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জায়েদুল কবির ভূইয়ার হাজীপুরের বাড়িতে হামলা-ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিযন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এরই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে।