কিয়েভকে আরও ৩০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে নতুন করে ৩শ’ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। আগামী সপ্তাহের মধ্যে এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অজ্ঞাতনামা একাধিক সূত্রের বরাতে শুক্রবার (২৬ মে) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বাইডেন প্রশাসনের ঘোষণায় থাকা নতুন এ প্যাকেজটিতে হিমারস লঞ্চারের জন্য গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট এবং অন্য ধরনের যুদ্ধাস্ত্রও থাকবে বলে আশা করা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, সামরিক এ সহায়তা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কোষাগার থেকে দেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যেই নতুন প্যাকেজের এ ঘোষণা হতে পারে ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে মোট ৩৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও অন্য রুশ কর্মকর্তারা ইউক্রেনকে সহায়তার নামে জাহাজে করে আসা এই সব অস্ত্র অন্য অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বারা বার উল্লেখ করে আসছেন ।

সবশেষ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ হুঁশিয়ার করে বলেছেন যে, ইউক্রেনকে পাশ্চিমাদের দেওয়া এই সামরিক সহায়তা সরাসরি ইউরোপ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।