সিটি নির্বাচনের আগে বরিশাল যাচ্ছেন না সাদিক আব্দুল্লাহ

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঢাকায় রয়েছেন। তিনি কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনা কার্যক্রম ঢাকা থেকেই করবেন। আর নৌকা প্রতীককে বিজয়ী করবেন বলে মন্তব্য করেছেন আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম।

আজ শুক্রবার বিকেল ৩টায় বরিশাল জেলার গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে এই বর্ধিত সভায় এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বাহাউদ্দিন নাসিম বলেন, নৌকার বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১২ জুন পর্যন্ত সকলকে ধৈর্য ধরতে হবে, সকলের সহ্য ক্ষমতা বাড়িয়ে নৌকাকে জয়ী করে ঘরে ফিরতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সদস্য গোলাম রাব্বানী চুন্নু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহনগর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এদিকে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা মনে কষ্ট পেয়েছেন সেই কষ্ট ভুলে দলের মনোনয়ন প্রাপ্ত খোকন সেরনিয়াবাতের পক্ষে সকল নেতাকর্মীর প্রতি কাজ করারও আহ্বান জানান নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার আবুল হাসানাত আবদুল্লাহ।