স্পেনে বর্ণবাদ অবসান নিয়ে আশাবাদী নন গার্দিওলা

চলতি মৌসুমে একাধিকবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। সবশেষ গত রবিবার ভ্যালেন্সিয়ার মাঠে দর্শকের বর্ণবাদী আচরণের শিকার তিনি। এনিয়ে তোলপাড় চলছে বিশ্ব ফুটবলে। ভিনি তো স্পেনকে ‘বর্ণবাদীদের দেশ’ বলেও মন্তব্য করেছেন।

সেই স্পেনে কি সত্যিই বর্ণবাদের অবসান ঘটবে সামনে? ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা একজন স্প্যানিশ। তিনি অবশ্য বিশেষ আশাবাদী নন এই বিষয়ে।

ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রবিবারের ম্যাচের আগে সংবাদসম্মেলনে গার্দিওলাকে স্পেনের বর্ণবাদ নিয়ে কথা বলতে হয়। এ সময় গার্দিওলা বলেন, ‘বর্ণবাদ সব জায়গাতেই সমস্যা, সেটি শুধু একটি জায়গায় (স্পেন) নয়। সবখানেই আমরা ভেবে নিই, আমরা আমাদের প্রতিবেশী কিংবা অন্যদের চেয়ে ভালো।’

‘স্পেনে এটার (বর্ণবাদ) হয়তো একটু উপশম হবে। তবে আমি আশাবাদী নই। নিজের দেশকে তো জানি, তাই আমি সত্যিই আশাবাদী নই।’- বলেন গার্দিওলা।