নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা বাজারের পাশে বড়াল নদের ওপর একটি সেতুর স্প্যান থেকে পাইল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোড়া থেকে মাটি সরে একটি পাইল দেবে যাওয়ায় সেতুটি এখন ঝুঁকিপূর্ণ। সেতুতে ভারী যানবাহন উঠলে এটি এখন দোলনার মতো দোলে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সেতুর নামফলক থেকে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০০৪-০৫ অর্থ বছরে ৬৩ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার দৈর্ঘ্যরে ওই সেতুটি নির্মাণ করা হয়। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল নাটোরের মেসার্স তানভীর এন্টারপ্রাইজ।
স্থানীয়রা জানান, বড়াল নদ এখন শুকিয়ে গেছে। এ কারণে সেতুর স্প্যানের নিম্নাংশ দেখা যাচ্ছে। সেতুর চারটি স্প্যানের মাঝখানের একটি স্প্যানের পাইলগুলোর মাটিও সরে গেছে। ফলে ভারী যানবাহন চলাচলের সময় ওই স্থানে সেতুটি দোল খায়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নদটির ওই এলাকা প্রায় শুকিয়ে যাওয়ায় এর তলদেশে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের ফসল। অন্যদিকে সেতুটিতে মোট চারটি স্প্যান রয়েছে। তিনটি স্প্যান ঠিক থাকলেও মাঝের একটি স্প্যানের ১২টি পাইলের প্রায় তিন ফুট দেখা যাচ্ছে। যে ঢালাইয়ের মাধ্যমে স্প্যানের সঙ্গে পাইলগুলো সংযুক্ত রয়েছে, সেই ঢালাই থেকে একটি পাইল বিচ্ছিন্ন হয়ে আছে।
উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, পাইলগুলো অনেক গভীর পর্যন্ত রয়েছে। তার পাশ থেকে মাটি সরে যাওয়ায় এটা হয়ে থাকবে। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।