ভোলার গ্যাস বরিশালে সরবরাহের দাবি

ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে বরিশালে পাইপলাইনের মাধ্যমে সরবরাহের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা। গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি হয়। জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী এতে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, গত ২১ মে ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে সরকার ১০ বছর মেয়াদি চুক্তি করেছে। যার আওতায় দ্রুতই ভোলার গ্যাস সিএনজি করে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। ভোলায় গ্যাস উদ্বৃত্ত থাকার কথা বলে এই চুক্তি করা হচ্ছে। অথচ বরিশালের শিল্পাঞ্চলসহ আবাসিক খাতে এখন পর্যন্ত গ্যাসের সংযোগ দেওয়া হয়নি। বরিশালের কলকারখানায় ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে ২০১৮ সালেও বরিশালের সমাবেশে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরও বরিশালে গ্যাস না দিয়ে ঢাকার শিল্পাঞ্চলে সরবরাহের চুক্তি করে দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। এ সময় ভোলা থেকে বরিশালে গ্যাস সরবরাহ না করা হলে বরিশালবাসীকে সঙ্গে নিয়ে বরিশাল থেকে ভোলা রোডমার্চ এবং লংমার্চের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।