স্পেনে ভিনিসিউস জুনিয়রের প্রতি বর্ণবাদ আচরণের প্রতিবাদ হচ্ছে নানা ভাবে। এবার ভিনিকে সমর্থন দেওয়ার লক্ষ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। দুটি ম্যাচই তারা খেলবে আফ্রিকান দলের বিপক্ষে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, গিনি ও সেনেগালের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে সেলেকাওরা। জুনের ১৭ তারিখ গিনির বিপক্ষে ম্যাচটি হবে স্পেনেরই শহর বার্সেলোনায়। এর তিন দিন পর সাদিও মানের সেনেগালের বিপক্ষে লিসবনে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
লা লিগায় চলতি মৌসুমে কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে লা লিগার ম্যাচ চলাকালে ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করা হয়। সেদিন মাঠে নিশ্চুপ থাকেননি ভিনি। জানান প্রতিবাদ। পরে কোচ কার্লো আনচেলত্তি বোঝানোয় বাকি ম্যাচ খেলেন।
ভিনিকে মানসিকভাবে সমর্থন দেওয়ার সঙ্গে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তার পাশে দাঁড়াচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সিবিএফ ভিনিসিয়ুসের সঙ্গেও প্রীতি ম্যাচ দুটির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করেছে। সবকিছু চূড়ান্ত করার আগে ভিনিসিয়ুসের মধ্যে এই দুটি ম্যাচ নিয়ে কোনো অস্বস্তি আছে কি না, তা-ও নিশ্চিত হয়েছে।
কাতার বিশ্বকাপের পর তিতে দায়িত্ব ছাড়েন ব্রাজিলের। এখনো নতুন কোচ খুঁজে পায়নি দেশটি। এ দুটি প্রীতি ম্যাচও খেলবেন র্যামন মেনেজেসের অধীনে। তিনি এখন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে আর্জেন্টিনায় যুব বিশ্বকাপে আছেন। গত রাতে নাইজেরিয়ার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলেছে ব্রাজিলের যুবারা। আজ একদিনের ছুটি নিয়ে রিও ডি জেনেইরোতে দুই প্রীতি ম্যাচের দল ঘোষণা করবেন তিনি।