মহাকাশ থেকে মক্কার বিস্ময়কর ছবি পাঠালেন সৌদি নারী নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে পবিত্র মক্কা নগরীর অবিশ্বাস্য ছবি তুলেছেন সৌদি আরবের নারী নভোচারী রায়ানা বারনাউই। শুক্রবার ( ২৬ মে) তার টুইটারে পাঠানো এক ভিডিওতে রাতের আলোক উজ্জ্বল মক্কার গ্রান্ড মসজিদকে জ্বলজ্বল করতে দেখা গেছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তের জন্য রাতের মক্কার অবিশ্বাস্য ও অনন্য এই দৃশ্য শেয়ার করেছেন রায়ানা।

রবিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদামাধ্যম গাল্ফনিউজ।

ভিডিওটিতে মহাকাশ থেকে দেখা এই মক্কা নগরী তার পবিত্রতা ও সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই দৃশ্য যে কাউকেই অভিভূত করবে। টুইটারের এক পোস্টে নিজের অনন্য এই অনুভূতির কথা শেয়ার করে রায়ানা বলেছেন, ‘আজকের দিনের মতো সব পরীক্ষা নিরীক্ষা শেষ করতে করতেই আমরা মক্কার ওপর দিয়ে চলে গেলাম।’

রায়ানার পাঠানো মক্কার ভিডিওটি এরইমধ্যে সাড়া ফেলে দেওয়ার পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। সেই সঙ্গে বিশ্ব মনে করিয়ে দিয়েছে যে, বিশাল দূরত্ব থাকা সত্ত্বেও মহাকাশ থেকে তোলা এই দৃশ্যটি পৃথিবীর তাৎপর্যপূর্ণ স্থান সম্পর্কে মানুষের ভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে শুক্রবার বিকেল ৫টা ৩৭ মিনিটে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে যাত্রা শুরু করেন রায়ানা বারনাউই। এ অভিযানে তার সঙ্গে রয়েছেন সৌদির পুরুষ নভোচারী আলী আল-কুরনি।

সৌদির রায়ানা এবং আলি ছাড়াও এ মিশনে রয়েছেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটসন। আর মহাকাশযানটির চালকের দায়িত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির বাসিন্দা জন শফনার।

মহাকাশের উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করার প্রায় ১৫ ঘন্টা পর নভোচারীরা আইএসএস-এ পৌঁছায়। সেখানে বিশেষ মাইক্রোগ্রাভিটি পরিবেশে তাদের ১৪টি অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা করার কথা রয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে এই নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফিরে আসবেন এবং সেখানে ১০ দিন অবস্থান করার কথা তাদের। এ সময় ২০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা করবেন তারা।