ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা দিতে চান জেলেনস্কি

ইরানের বিরুদ্ধে ৫০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য ইউক্রেনের জাতীয় সংসদে একটি প্রস্তাবও উত্থাপন করেছেন তিনি।

কিয়েভ ও তার মিত্ররা বলছে, গত বছর মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে ইরান রাশিয়াকে শতাধিক ড্রোনসহ অস্ত্র সরবরাহ করছে। যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ইউক্রেনের সংসদে উত্থাপন করা প্রস্তাবে ইরানের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইরানের জন্য ইউক্রেনের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়, ইরানের সাথে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো ধরনের লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। এই নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপারে ইউক্রেনের মন্ত্রিসভা, পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এবং দেশটির নিরাপত্তা সংস্থাকে বাধ্য থাকার কথা বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইউক্রেনের জাতীয় সংসদ এই বিলের প্রতি সমর্থন দেবে। এর মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা পরিষদ এ বিলকে সমর্থন দিয়েছে। এই প্রস্তাবের ওপর জাতীয় সংসদে কবে ভোটাভুটি হবে তা অবশ্য এখনও ঠিক হয়নি।