কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এ বছরের শেষের দিকে অনুষ্ঠেয় মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তার দল। আমাদের দলের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুসারে,মধ্যপ্রদেশে আমরা ১৫০টি আসন পেতে যাচ্ছি।
সোমবার (২৯ মে) রাজধানী নয়া দিল্লির এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নিয়ে একথা বলেন রাহুল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতে বিধানসভা নির্বাচন চলছে। দেশটির মধ্যাঞ্চালের রাজ্য মধ্যপ্রদেশে এ নির্বাচন হতে এখনও চার মাস বাকি। সদ্য কর্নাটক রাজ্যে জয় পেয়েছে বিরোধী দল কংগ্রেস। এরইমধ্যে মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সোমবার বৈঠকে বসে দলটির শীর্ষ নেতৃত্ব। এ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও।
বৈঠকের পর এক সংবাদসম্মেলনে রাহুল দাবি করেন, মধ্যপ্রদেশে ১৫০টি আসনে জয় পেতে চলেছে কংগ্রেস। এ সময় তিনি বলেন, ‘আমরা কর্নাটকে ১৩৬টি আসন পেয়েছিলাম। মধ্যপ্রদেশে আমরা ১৫০টি আসন পেতে চলেছি।’
মধ্যপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ২৩০। এর মধ্যে কংগ্রেস ১৫০টি আসন পেলে রাজ্যটিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে ক্ষমতায় আসবে তারা।
মধ্যপ্রদেশে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে জোর হওয়া চলায় জয়ের আশা দেখছে কংগ্রেস। দেশটির রাজনীতিবিদদের একাংশের অভিমত,কর্নাটকে আশাতীত সাফল্যের পরে নির্বাচনমুখী রাজ্যগুলোর কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে কংগ্রেস। যার প্রতিফলন দেখা গেছে রাহুলের কথায়।
চলতি বছরেই আরও তিন রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যগুলো হলো, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় এবং তেলেঙ্গানায়। এদিকে রাজস্থান এবং ছত্রিশগড় ক্ষমতায় রয়েছে কংগ্রেস তাই এ দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখাতে প্রাণপণ লড়বে তারা। তেলেঙ্গানায় তাদের লড়াই হবে বিআরএস-এর সঙ্গে।