কানাডায় বিয়েবাড়িতে ঢুকে অমরপ্রীত সামরা (২৮) নামে ভারতীয় বংশোদ্ভূত এক পাঞ্জাবি গ্যাংস্টারকে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কানাডা থেকে প্রকাশিত সংবাদপত্র ভ্যাঙ্কুভার সান।
প্রতিবেদনে বলা হয়, ভ্যাঙ্কুভারের ফ্রেসারভিউ ব্যাংকোয়েট হলে রাত দেড়টা নাগাদ একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই নিমন্ত্রিত ছিলেন অমরপ্রীত এবং তার ভাই রবিন্দর। বিয়েবাড়ির নাচগানে যোগ দিয়েছিলেন অমরপ্রীতও।
এক পর্যায়ে বাজনা বন্ধ হয়ে গেলে ডান্স ফ্লোর থেকে নেমে আসেন অমরপ্রীত। সেই সময়ই তাকে পর পর গুলি করা হয়। বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন গ্যাংস্টার। রক্তে ভেসে যায় এলাকা। হুড়োহুড়ির সুযোগ নিয়ে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা। অমরপ্রীতকে উদ্ধার করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, অমরপ্রীত এবং তার ভাই ভ্যাঙ্কুভারের কুখ্যাত ইউএন গ্যাংয়ের (ইউনাইটেড নেশনস গ্যাং) সদস্য। গ্যাংওয়ারের কারণেই তার প্রাণহানি হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
অমরপ্রীতের বিরুদ্ধে কানাডায় একাধিক মামলা রয়েছে। ২০২২ সালের আগস্টে কানাডা পুলিশ একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় থাকা ১১ জনের মধ্যে ৯ জনই ছিল ভারতীয় বংশোদ্ভূত পাঞ্জাবি। আর তাদের মধ্যে অন্যতম হলেন অমরপ্রীত এবং তার ভাই রবিন্দর।