আগামী ২৩ জুলাই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার (২৯ মে) তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে আরও বলা হয়, আগের দিন রবিবার আঞ্চলিক নির্বাচনে সানচেজের সোশ্যালিস্ট পার্টির ভরাডুবির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে রাজা ফিলিপ ষষ্ঠকে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ। দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে সানচেজ বলেন, গতকালের নির্বাচন একটি স্থানীয় ও আঞ্চলিক নির্বাচন ছিল। কিন্তু এর ফলাফল ভিন্ন বার্তা দেয়। সানচেজ এর আগে বলেছিলেন যে তিনি তার চার বছরের মেয়াদ শেষ করতে চান।
রবিবারের নির্বাচনে রক্ষণশীল পপুলার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলটি দেশের পূর্বে ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকার এবং দক্ষিণে সেভিল সিটি হলসহ আঞ্চলিক এবং নগর সরকারগুলোতে বর্তমান সমাজতন্ত্রীদের পরাজিত করেছে।
৫১ বছর বয়সী সানচেজ তৎকালীন রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটে জয়ী হয়ে ২০১৮ সালে প্রধানমন্ত্রী হন। পরের বছর ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করেন সানচেজ, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন। পরে বাধ্য হয়ে বামপন্থী পোডেমোস পাটির সমর্থন নিয়ে জোট সরকার গঠন করেন। রবিবারের নির্বাচনে সানচেজের পার্টিকে সমর্থন দেওয়া ওই পার্টিরও ভরাডুবি হয়।