ক্যানসার আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবার আকুতি

কুড়িগ্রামে দরিদ্র বাবার ১২ বছর বয়সী ছেলে মাদ্রাসাছাত্র আবু বক্কর সিদ্দিক ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার অভাবে ধ্্ুঁকে ধুঁকে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে ছেলে। দারিদ্র্যের কারণে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না তার পরিবার। আবু বক্কর সিদ্দিক কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের পানাতি পাড়া এলাকার রিকশাচালক তাজুল ইসলামের ছেলে। তিন ভাই বোনের মধ্যে আবু বক্কর সিদ্দিক দ্বিতীয়।

খোঁজ নিয়ে জানা গেছে, একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে রংপুরের ডা. আব্দুল কাদের জেলানীর তত্ত্বাবধানে চিকিৎসা চলাকালে জানতে পারেন আবু বক্কর সিদ্দিক ব্লাড ক্যানসারে আক্রান্ত। রংপুর মেডিকেলের ওই চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নিয়ে যাওয়ার সামর্থ্য নেই রিকশাচালক বাবার। কোনো উপায় না পেয়ে অসুস্থ ছেলেকে নিয়ে চলে আসেন বাড়িতে।

আবু বক্কর সিদ্দিকের বাবা তাজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম-রংপুরে চিকিৎসা করে ৪০-৫০ হাজার টাকা শেষ। যে টাকা খরচ করছি সব মানুষের কাছে হাওলাত করা। ঢাকায় সাত থেকে আট লাখ টাকা নাকি লাগবে, এত টাকা কই পাবো আমরা। কেউ যদি আমার ছেলের পাশে দাঁড়াই তো, আমার মনে হয় ছেলে সুস্থ হইতো।

ব্লাড ক্যানসারে আক্রান্ত আবু বক্কর সিদ্দিকের বাবা তাজুল ইসলামের সঙ্গে ০১৭৪৬৫৩৪০০১ এই নম্বরে যোগাযোগ করা যাবে।