পিবিআইর দাবি

অন্তঃসত্ত্বা বিউটিকে হত্যা করা হয় বালিশচাপা দিয়ে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের অন্তঃসত্ত্বা বিউটি খাতুনকে (২৫) পাঁচ বছর আগে ৫০ হাজার টাকার বিনিময়ে বালিশচাপা দিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম এ সব তথ্য জানান।

তিনি বলেন, এ হত্যার ঘটনায় বিউটির বাবা সাচ্চু মিয়া বাদী হয়ে ২০১৮ সালের ১৪ মে এনায়েতপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্তের পর সম্প্রতি পিবিআই এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। পরে তারা দায় স্বীকার করে হত্যার বিবরণ দেয়। এরা হলো ব্রাহ্মণগ্রামের মৃত আমির হোসেনের ছেলে স্বপন ব্যাপারী (৩৭), মৃত জসিম উদ্দিনের ছেলে মো. মমিন (৫৫), মমিনের স্ত্রী আনু বেগম (৪০) ও আবদুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৮)।

পুলিশ সুপার রেজাউল আরও বলেন, ২০১৮ সালের ১৩ মে রাতে বিউটি খাতুনকে তার নিজ ঘরে বালিশচাপা দিয়ে তারা হত্যা করেন। গত শনিবার তারা এ হত্যায় জড়িত থাকার বিষয় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।