ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের কাছে টাইব্রেকারে হেরেছে আবাহনী। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ গোলে। অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় ৪-৪ গোলে। পরে টাইব্রেকারে ৪-২ এ হারে আবাহনী। এ হারের ফলে মৌসুমে শিরোপাহীন থাকতে হলো আবাহনীকে।
আবাহনীর হতাশ কোচ মারিও লেমস হারের জন্য দ্বিতীয়ার্ধের শুরুর ১৫ মিনিটে শীষ্যদের একটু আয়েশি হয়ে পড়াকে দুষছেন, 'দ্বিতীয়ার্ধে আমাদের শুরুর ১৫ মিনিট অনেক ধীরগতির ছিল। মোটেই ভালো খেলিনি তখন। আমরা তাদের খেলায় ফেরার সুযোগ করে দিয়েছি। তারা সেই সুযোগ কাজে লাগিয়েছে। এমন ম্যাচে কোনও দল একবার এগিয়ে গেলে তখন সেখান থেকে জয় পাওয়া অনেক কঠিন। দুই দলেরই সমান সুযোগ ছিল। টাইব্রেকার ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।'
শিরোপাহীন একটি মৌসুম কাটানোর দায় অবশ্য নিজের ঘাড়েই নিয়েছেন লেমস, 'এই দায়ভার আমিই নিচ্ছি। আমাদের এই ম্যাচে জয় পাওয়ার কথা ছিল। আমরা শিরোপা জয়ের জন্য যোগ্য দল ছিলাম। তবে আমরা পারিনি।'
এই হারের ফলে আগামী বছর এএফসি কাপের বাছাইপর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে আবাহনীর।
মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপে তৃতীয় হয় আবাহনী। চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। সবশেষ ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী হারলো চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানের কাছে।