শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সারা দেশ। প্রতিবাদ ও বিচারের দাবি উঠেছে সর্বত্র। বাংলাদেশ ফুটবল লিগে শেষ রাউন্ডে একই দাবি লিখিত ব্যানার নিয়ে মাঠে এলেন মোহামেডানের খেলোয়াড়েরা। আগেই শিরোপা জিতে নেওয়া বসুন্ধরা কিংসের জয়, আবাহনীর দ্বিতীয় হয়ে লিগ শেষের চেয়েও মোহামেডানের এই উদ্যোগ আলাদাভাবে ছুঁয়ে গেল সবাইকে।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে ম্যাচে নামার আগে ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার রামিসার জন্য ‘জাস্টিস ফর রামিসা’ লেখা ব্যানার নিয়ে মাঠে আসে মোহামেডানের খেলোয়াড়েরা। ধর্ষকের শাস্তি ও নারীর নিরাপত্তা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তারা।
অবশ্য প্রতিবাদের দিনে মাঠের লড়াইয়েও রুদ্রমূর্তি ধারণ করেছিল আব্দুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা। সৌরভ দেওয়ানের বিধ্বংসী হ্যাটট্রিকসহ একাই করা ৪ গোলে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মোহামেডান। দলের হয়ে অন্য গোলটি করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। ১৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করল সাদা-কালোরা।
লিগের শেষ রাউন্ডে সবচেয়ে বড় আকর্ষণ ছিল রানার্সআপ হওয়ার লড়াই। সমীকরণের মারপ্যাঁচে সমান ৩৪ পয়েন্ট নিয়ে রেসে টিকে ছিল আবাহনী ও ফর্টিস এফসি। তবে শেষ দিনে এসে ভাগ্যনির্ধারণী ম্যাচে হোঁচট খেয়েছে ফর্টিস। গাজীপুরের মাঠে পিডব্লিউডির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে তারা।
অন্যদিকে, মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়াচক্রকে ৩-০ গোলে উড়িয়ে রানার্সআপ নিশ্চিত করে ঐতিহ্যবাহী আবাহনী। এমেকা ওগবাহ, সুলেমানে দিয়াবাতে ও শেখ মোরসালিন একটি করে গোল করেন। এই জয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপের ট্রফি নিজেদের করে নিল আকাশি-নীল শিবির। অন্যদিকে, ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হচ্ছে ফর্টিস এফসিকে।
কিংস অ্যারেনায় উৎসবের আমেজ নিয়েই মাঠে নেমেছিল আগেই শিরোপা পুনরুদ্ধার করা বসুন্ধরা কিংস। তবে পয়েন্ট টেবিলের তলানির দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব চমক দেখিয়ে ২৮তম মিনিটে বেন কুয়াত্তারার গোলে এগিয়ে যায়। পিছিয়ে পড়ে যেন আরও চাঙ্গা হয়ে ওঠে চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেসের জোড়া গোল এবং মুজিবুর রহমান জনি ও শাহরিয়ার ইমনের লক্ষ্যভেদে ৪-১ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। ১৮ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও মাত্র ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল অস্কার ব্রুজনের দল।
অনুমিতভাবেই এবারের লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) জিতেছেন কিংসের ব্রাজিলিয়ান সেনসেশন দোরিয়েলতন। পুরো লিগে তিনি একাই করেছেন ১৯টি গোল। দ্বিতীয় স্থানে থাকা ফর্টিস এফসির পা ওমার বাবুর গোলসংখ্যা ১৩টি। গোলদাতার শীর্ষ ১০ জনের মধ্যে ৮ জনই বিদেশি হলেও স্থানীয়দের মধ্যে উজ্জ্বল ছিলেন বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম ও আবাহনীর শেখ মোরসালিন; দুই তরুণই করেছেন ৬টি করে গোল।
ফের বিসিএলে নেমে গেল আরামবাগ: বাহনীর কাছে হেরে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে আরামবাগ। ১৮ ম্যাচ শেষে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে মৌসুম শেষ করেছে আরামবাগ। এর আগেই অবনমন নিশ্চিত হয়েছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবর।
চূড়ান্ত পয়েন্ট তালিকা
স্থান ক্লাব জয় হার ড্র পয়েন্ট
১ বসুন্ধরা ১৮ ১২ ৫ ১ ৪১
২ আবাহনী ১৮ ১১ ৪ ৩ ৩৭
৩ ফর্টিস ১৮ ১০ ৫ ৩ ৩৫
৪ পুলিশ ১৮ ৬ ৯ ৩ ২৭
৫ মোহামেডান ১৮ ৬ ৫ ৭ ২৩
৬ রহমতগঞ্জ ১৮ ৬ ৫ ৭ ২৩
৭ ব্রাদার্স ১৮ ৪ ৫ ৯ ১৭
৮ পিডব্লিউডি ১৮ ৪ ৫ ৯ ১৭
৯ আরামবাগ ১৮ ৩ ৫ ১০ ১৪
১০ ফকিরেরপুল ১৮ ২ ৪ ১২ ১০
