হজযাত্রীর জন্য পরামর্শ

- সৌদি আরব অবস্থানকালে সে দেশের ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিক সিগন্যাল পড়লে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে-বাঁয়ে দেখেশুনে সাবধানে পার হতে হবে। কখনো দৌড়ে রাস্তা পার হবেন না।

- সৌদি আরবে অনেক গরম, তাই দিনের বেলা ছাতা নিয়ে বের হবেন। দেশ থেকে বেশি জিনিস নেবেন না। কারণ সৌদি আরবে সব জিনিস পাওয়া যায়। খাবারদাবারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে।

- হজের আগে কম পরিশ্রমের কাজ করবেন। কারণ হজ অনেক কষ্টসাধ্য। বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের অনুরোধ করব, তারা যেন দলবদ্ধভাবে সৌদি আরবে চলাফেরা করেন।

- সৌদিতে পৌঁছার পর আরবিতে লেখা মোয়াল্লেমের নম্বরসহ কবজিবন্ধনী (বেল্ট) দেওয়া হবে আপনাকে, তা হাতে পরে নেবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের দেওয়া পরিচয়পত্র (যাতে পিলগ্রিম নম্বর, নাম, ট্রাভেল এজেন্টের নাম ইত্যাদি থাকবে) গলায় ঝুলিয়ে রাখবেন।

- মসজিদে হারামের (কাবা শরিফ) অনেকগুলো প্রবেশপথ। সবক’টি দেখতে একই রকম। কিন্তু প্রতিটি প্রবেশপথে আরবি ও ইংরেজিতে ১, ২, ৩ নম্বর ও প্রবেশপথের নাম আছে, যেমন ‘কিং আবদুল আজিজ গেট, নম্বর ওয়ান।’ আপনি আগে থেকে ঠিক করবেন, কোন প্রবেশপথ দিয়ে ঢুকবেন বা বের হবেন। সফরসঙ্গীকেও স্থান চিনিয়ে দিন। তিনি যদি হারিয়ে যান, তাহলে নির্দিষ্ট নম্বরের গেটের সামনে থাকবেন। এতে ভেতরে ভিড়ে হারিয়ে গেলেও নির্দিষ্ট স্থানে এসে সঙ্গীকে খুঁজে পাবেন।

- কাবা শরিফে জুতা-স্যান্ডেল রাখার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, নির্দিষ্ট স্থানে জুতা রাখুন। যেখানে-সেখানে জুতা রাখলে পরে খুঁজে পাওয়া কঠিন। প্রতিটি জুতা রাখার র‌্যাকেও নম্বর দেওয়া আছে। এই নম্বর মনে রাখুন। চাইলে জুতা বহন করার ব্যাগ সঙ্গে রাখতে পারেন, এটাই উত্তম পদ্ধতি।

- মক্কা-মদিনায় প্রচুর বাংলাদেশি হোটেল আছে। মক্কার হোটেলগুলোর নাম ঢাকা, এশিয়া, চট্টগ্রাম, জমজম ইত্যাদি। এসব হোটেলে ভাত, মাছ, মাংস, সবজি, ডাল সবধরনের বাঙালি খাবার পাওয়া যায়। হোটেল থেকে পার্সেলে খাবার কিনে বাড়িতে আনাও যায়।

- ইন্টারনেটসহ সিম ব্যবহার করে সিগন্যাল, মেসেঞ্জারে কথা বলা যায়। সৌদি আরবে হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, কিন্তু মেসেজ দেওয়া যায়, ছবি পাঠানো যায়, কথা রেকর্ড করে পাঠানো যায়। গ্রুপ তৈরি করে অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা যায়।

- মক্কা-মদিনায় অনেক বাংলাদেশি কাজ করেন, তাই ভাষাগত সমস্যা তেমন হওয়ার কথা নয়। কেনাকাটার সময় দরদাম করে কেনা ভালো।

- মক্কা, মিনা ও আরাফার ময়দানে হজযাত্রীদের বিনামূল্যে প্রচুর খাবার দেওয়া হয়। এগুলো এড়িয়ে যাওয়াই উত্তম।