তুরস্ক সফরে যাবেন পুতিন-জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খুব শিগগিরই তুরস্ক সফরে যেতে পারেন। নবনির্বাচিত তুর্কি নেতা রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই এ দুই শীর্ষ নেতা সেখানে সফর করতে পারেন।

তাদের আলোচনায় ইউক্রেন পরিস্থিতি এবং কৃষ্ণসাগর শস্য চুক্তির বিষয় স্থান পাবে বলে ধারনা করা হচ্ছে।

বুধবার (৩১ মে) রুশ সংবাদ সংস্থা তাস এবং তুর্কি সংবাদমাধ্যম হুরিয়েতের বরাতে কিয়েভ পোস্ট এ খবর নিশ্চিত করেছে।

তবে রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট একসঙ্গে তুরস্কে যাবেন না। প্রেসিডেন্ট জেলেনস্কির আগেই পুতিন দেশটিতে রাষ্ট্রীয় এ সফর করবেন বলে জানিয়েছে তারা।

অজ্ঞাত সূত্রের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে হুরিয়েত জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে এই দুই প্রেসিডেন্ট তুরস্কে সফর করবেন। রুশ প্রেসিডেন্ট পুতিন এরদোয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না। পরবর্তী সময়ে বিশেষ এক সফরে তুরস্কে যাবেন তিনি। তার পরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশটি সফর করবেন।

এদিকে আঙ্কারার এ পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্রের বরাতে তাস জানিয়েছে, গত সপ্তাহে শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে পুনঃনির্বাচিত রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এরদোয়ান শপথ নেওয়ার পরই প্রেসিডেন্ট পুতিন তুরস্কে একটি রাষ্ট্রীয় সফর করতে পারেন। যদি এ সফর সম্ভবপর পর হয়, তবে এই দুই শীর্ষ নেতা ইউক্রেন পরিস্থিতি এবং কৃষ্ণসাগর শস্য চুক্তির বিষয়ে আলোচনা করবেন।

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সম্প্রতি রাশিয়া ও তুরস্কের দুই শীর্ষ নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। এ সময় প্রেসিডেন্ট পুতিন এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সম্ভাব্য এই বৈঠকের স্থান ও সময় দুই প্রেসিডেন্টের সময়সূচির মধ্যে সমন্বয় করে স্থির করা হবে।

অপরদিকে ইউক্রেনের পক্ষ থেকে প্রেসিডেন্ট জেলেনস্কির সম্ভাব্য তুরস্ক সফর নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আগামী ৩ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা এরদোয়ানের।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতির বিষয়ে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আসছে আঙ্কারা। এরদোয়ান জেলেনস্কি এবং পুতিনকে বারবার তুরস্কের নিরপেক্ষ কোন অঞ্চলে আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়ে আসছেন।