কংগ্রেসের নিম্নকক্ষে যুক্তরাষ্ট্রের ঋণসীমা স্থগিতের বিল পাস

নানা অনিশ্চয়তার পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভস যুক্তরাষ্ট্রের ঋণসীমা স্থগিতের বিল অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩০ মে) রাতে নিম্নকক্ষে ভোটাভুটির মধ্য দিয়ে সহজেই এ বিল পাস হয়।

বৃহস্পতিবার (০১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন রাতে হাউজ অব রিপ্রেজেনটেটিভসের এ ভোটাভুটিতে ঋণসীমা স্থগিতের পক্ষে ভোট দেন ৩১৪ জন আইনপ্রণেতা। অপরদিকে এর বিপক্ষে ভোট দেন ১১৭ জন।

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশটি ঋণ খেলাপি হওয়ার মাত্র কয়েক দিন আগে কংগ্রেসের কাছ থেকে আরও অর্থ ধার করার এ অনুমতি পেল। এখন বিলটি চুড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষ সিনেটে যাবে। এরপর প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে এটি।

বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের ৩১ দশমিক ৪ ট্রিলিয়নের ঋণ রয়েছে। বুধবার নিন্মকক্ষে পাস হওয়া এ বিলে নির্ধারিত এই সীমা ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তবে বর্তমানে রিপাবলিকান পার্টির দখলে রয়েছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ। ফলে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন এই ঋণসীমা বাড়ানো বা স্থগিত করতে ব্যর্থ হন।

গত সপ্তাহে দেশটির অর্থমন্ত্রী জানেত ইয়েলেন এক হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ৫ জুনের মধ্যে ঋণসীমা বাড়ানো না হয়, তাহলে তাদের কাছে খরচ করার মতো কোনো অর্থ থাকবে না। এতে করে সরকার খেলাপি হয়ে যাবে। যার অকল্পনীয় প্রভাব পড়বে পুরো বিশ্বের ওপর ।