ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্য সরবরাহকারী ব্যক্তিকে প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হতে পারে। খবর বিবিসির। 

গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই।

এদিকে ইরানের সীমান্ত দিয়ে অস্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের চলাচল নিয়ন্ত্রণে নিজেদের তৎপরতা বাড়াতে বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে এই ইউনিটটি ফ্লোরিডার টাম্পা থেকে কার্যক্রম পরিচালনা করবে। এ কাজে যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গেও সমন্বয় করবে তারা। অস্ত্রের পাশাপাশি দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং অবৈধ অর্থের উৎস নিয়ন্ত্রণেও কাজ করবে এই টাস্কফোর্স।

সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটির ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে দেওয়া সম্ভব হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের বিষয়ে তথ্য দিতে পারলে এই পুরস্কার দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও পর্যবেক্ষণসংক্রান্ত বাধ্যবাধকতা পালনে ইরানের ব্যর্থতার কারণে দেশটির পারমাণবিক কার্যক্রম সম্পর্কে ধারাবাহিক তথ্য ও নজরদারি বজায় রাখতে পারছে না সংস্থাটি। বিশেষ করে পারমাণবিক সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপাদানের উৎপাদন ও মজুত সম্পর্কে তথ্যের ঘাটতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বড় ধরনের সামরিক হামলা আবার শুরু হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে নির্বাচনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, এ বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত