‘ডিজিটাল নিরাপত্তা আইনের মিসইউজ (অপপ্রয়োগ) হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। তিনি বলেন, ‘কেউ বলছেন আইনটি বাতিল করতে হবে। আবার কেউ বলছেন এটা সংশোধন করা প্রয়োজন।’ তিনি মনে করেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর এই অইনের অধীনে মামলার অধিকাংশ ধারাই জামিন অযোগ্য। তবে যে এই ধারায় মামলা হলে জামিন দেওয়া যাবে না এটা সব ক্ষেত্রে ঠিক নয়। বিচারক সাহেব জামিন দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তিনি আশা করেন, মানুষ যাতে হয়রানির শিকার হয়, এমন আদেশ না দেওয়ার জন্য।