প্রধানমন্ত্রীকে ফোন এরদোয়ানের

সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর গত বুধবার রাতে শেখ হাসিনাকে টেলিফোন করে এ কথা বলেন এরদোয়ান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রায় ১০ মিনিট একে অপরের সঙ্গে কথা বলেন।

টেলিফোনে কথা বলার সময় শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে বিজয় অর্জন করে পুনর্নির্বাচিত হওয়ায় তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। এ নির্বাচনে ৮৬ শতাংশেরও বেশি ভোট পড়ে। তিনি তুরস্কের জনগণ সঠিক নির্বাচন করায় আনন্দ প্রকাশ করেন; যা দ্বিতীয় দফার নির্বাচনের পর প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে। দ্বিতীয় দফার নির্বাচনে তার বিজয়ে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে তুরস্কের উল্লসিত জনগণের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাসস