বাজেট

কোথায় ব্যয় হবে করের টাকা?

এবারের বাজেটে করের টাকা কোথায় ব্যয় হবে? কারা পাবেন? এ বিষয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট থেকে একটি হিসেব তৈরি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হবে সরকারের ভর্তুকি ও প্রণোদনায়।

যেমন— ১০০ টাকার করের ১৬.৬ টাকা বেতন হিসেবে পাবেন সরকারি চাকরিজীবীরা; সুদ ১৯.৫ টাকা; সাহায্য মঞ্জুরি ১৪.৯ টাকা; পণ্য ও সেবা ৯.১ টাকা; সম্পদ সংগ্রহ ৪.৬ টাকা; পেনশন ৬.৮ টাকা; ভর্তুকি ও প্রণোদনা ২০.৫ টাকা; অনুন্নয়ন বিনিয়োগ ৩.৫ টাকা; অপ্রত্যাশিত ব্যয় ও অন্যান্য ২.৭ টাকা এবং বিবিধ ব্যয় ১.৮ টাকা।

নতুন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল ৭ লাখ ৬১ হাজার ৭৯৫ কোটি টাকার বাজেট দিয়েছেন। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। একই সময়ে আয়ের প্রাক্কলন হচ্ছে ৫ লাখ কোটি টাকা। এতে সামগ্রিক ঘাটতি হবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ঘাটতির হার ৫ দশমিক ২ শতাংশ।

বাজেট ঘাটতি পূরণে অর্থমন্ত্রী বৈদেশিক উৎস থেকে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা ঋণ পাবেন বলে আশা করছেন। বাকি ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হবে সরকারকে। এর মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা এবং সঞ্চয়পত্র বিক্রির মতো ব্যাংকবহির্ভূত ব্যবস্থা থেকে নেওয়া হবে বাকি ২৩ হাজার কোটি টাকা।