ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার ভোর থেকে আগামী সোমবার ভোর ৬টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাবে রহমত জানান, বৃহস্পতিবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের নির্বাচনী পরিবেশ শান্ত রাখার জন্য শুক্রবার ভোর থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়কালে কোনো পক্ষই সভা, সমাবেশ, জনসংযোগ ও মিছিল করতে পারবে না।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নৌকা সমর্থিত প্রার্থীর পক্ষে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় কর্মীরা গণসংযোগ করতে থাকে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা গণসংযোগ করতে এলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
উল্লেখ্য, আগামী ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট।