পরিত্যক্ত বাড়ি ভাঙতে গিয়ে বিস্ফোরণ

বগুড়া শহরে পরিত্যক্ত বাড়ির সিলিংয়ে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে আবদুল বাছেদ (৩৮) নামক একজন আহত হয়েছেন। ঘটনার পর বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে শহরের সূত্রাপুর এলাকার পৌর উচ্চ বিদ্যালয়ের পেছনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়িতে আরও দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের পেছনে বাড়িটিতে কেউ থাকে না। সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বাড়িটি ভেঙে নতুন করে বহুতল ভবন করার পরিকল্পনায় শুক্রবার সকাল থেকে শ্রমিকরা বাড়ি ভাঙার কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে ওই বাড়ির টিন খোলা শুরু করেন শ্রমিকরা। এর একপর্যায়ে সিলিংয়ে শ্রমিক বাছেদ একটি কৌটা হাতে নিলে তা বিস্ফোরণ হয়। তাকে পার্শ¦বর্তী ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, ঘটনাস্থলে আরও ককটেলসদৃশ দুটি বস্তু থাকায় ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিট আসছে।