ব্যবসায়ীরা মুনাফার লোভে দাম বাড়িয়ে দেয়: বাণিজ্যমন্ত্রী

আমাদের দেশে কিছু কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, এমনিতেই জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের ওপর এর প্রভাব পড়েছে। তার ওপর কিছু ব্যবসায়ী অধিক মুনাফার অর্জনের চেষ্টা করছে।

শনিবার (০৩ জুন) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এটা এমন নয় যে শুধু আমাদের দেশে বেড়েছে। এখন সারাবিশ্বেই জিনিসপত্রের দাম বাড়তি। বৈশ্বিক বাজারে দাম বাড়ার কারণে এমন হয়েছে। তা ছাড়া করোনা পরিস্থিতির পর ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণেও হয়েছে।'

'দেশে দিনদিন চায়ের চাহিদা বাড়ছে' উল্লেখ করে টিপু মুনশি বলেন, 'এখন চায়ের চাহিদা সব জায়গায়। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এখন চা খাচ্ছে। মানুষ ঘুম থেকে উঠে নাস্তার সঙ্গে চা খাচ্ছে। আমরা উৎপাদন বৃদ্ধি করেছি। যদি চায়ের চাহিদা আরও বেড়ে যায় তাহলে আমরা প্রয়োজনে চা আমদানি করব।'

আগামীকাল রোববার সকালে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় জাতীয় চা দিবস। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে ৮টি ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো 'জাতীয় চা পুরস্কার ২০২৩' দেওয়া হবে।