জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত শ্যামলী আকতারের বিচারের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে। শহরের চৌমাথা মোড়ে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এতে এলাকাবাসিসহ সামাজিক ও রাজনৈতিক অন্তত ১২টি সংগঠনের পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে শহরের চৌমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। একপর্যায়ে পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান ও থানার ওসি মাসুদ রানা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামলী আকতার নিজেকে এখনো আওয়ামী লীগের নেত্রীর পরিচয় দিয়ে নানা অপকর্ম করছেন। তিনি নিরীহ মানুষকে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করছেন। তবে শ্যামলী আকতার মুঠোফোনে বলেন, আমাদের জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা চলছে। এ মামলার বিবাদীরা শক্রতাবশত এ মানববন্ধন করিয়েছে।