কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া বাজারের ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ হামলার সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রহিদুল ইসলাম বুদু ও সুলতান আলী মারধরের শিকার হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাবের অভিযোগ, ইউনিয়ন আওয়ামী লীগের এই অফিস ভাঙচুর করেছে লেবাসধারী দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে একটি পারিবারিক গানের অনুষ্ঠানে মাতলামি করার ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত। বর্তমান ইউপি চেয়ারম্যান শামছুল হকের ছোট ভাই ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তারা অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ছিঁড়ে ফেলে।
ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ বলেন, কে বা কারা তাদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করেছে তা আমি জানি না। ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে।