ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারিভাবে হাসপাতালে সরবরাহকৃত প্রায় ৪ লাখ সুখী বড়ি ভারতে পাচারকালে জব্দ করেছে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে মফিজুর রহমানের বাড়ি থেকে এসব সুখী বড়ি জব্দ করা হয়। মহিলাদের জন্মনিয়ন্ত্রণের জন্য সুখী বড়ি ব্যবহার করা হয়।
শ্যামনগর থানার এসআই আরিফুর রহমান ফারাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মফিজুর রহমানের বাড়িতে হানা দিয়ে তল্লাশি করে ৪ লাখ ২০ হাজার পিস সুখী বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃদেশীয় সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন পশ্চিম কৈখালী গ্রামের শামসুর গাজীর ছেলে ইসরাফিল গাজী ও আবদুল জব্বার গাজীর ছেলে মো. মোজাম গাজী।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, হাসপাতালে সরকারিভাবে সরবরাহকৃত জন্মনিরোধক সুখী বড়ি ভারতে পাচারের খবর গোপনে জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস সুখী বড়িসহ দুই পাচারকারীকে হাতেনাতে আটক করে।