ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জুলাই। এ নির্বাচনকে সামনে রেখে সদ্য প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের আসনে (ঢাকা-১৭) উপনির্বাচনে প্রার্থী হবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার এমন কথা গণমাধ্যমে জানান তিনি নিজেই।

সারাদেশের মানুষ তাকে ভালোবাসেন জানিয়ে হিরো আলম বলেন, আমি খুব কষ্ট করে এই অবস্থায় এসেছি। ঢাকায় নির্বাচন করে প্রমাণ করতে চাই, মানুষ আমাকে কত ভালোবাসে। আমার বিশ্বাস ঢাকার ভোটাররাও আমাকে ভোট দেবেন।

নায়ক ফারুকের আসনে প্রার্থী কেন, এমন প্রশ্নে হিরো আলম বলেন, ফারুক ভাই একজন মহান নায়ক। তার চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তার অনেক উন্নয়ন কাজ অসমাপ্ত থেকে গেছে। আমি সেই কাজগুলো সমাপ্ত করতে চাই।

সেইসাথে তিনি এও জানান সোমবার দুপুর ৪টার দিকে নির্বাচন কমিশন থেকে নমিনেশন ফর্ম কিনবেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। তিনি বগুড়া-৬ আসনে অনেক ভোট হারলেও বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন।