কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। অপহরণের একদিন পর গতকাল সোমবার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অপহৃত মোহাম্মদ হোসাইন (৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার সুলতান আহমদের ছেলে। সে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার সকালে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়।
অপহৃতের পিতা সুলতান আহমদ বলেন, ‘রবিবার সকালে মোহাম্মদ হোসাইন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় তার খোঁজ করেও কোনো হাদিস পাওয়া যায়নি। নিখোঁজের পর রাতে ফোন করে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে। না হয় আমার ছেলেকে হত্যা করা হবে বলে জানায়। পরে সোমবার সকালে আবারও কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সিআইসি অফিসের গার্ড হিসেবে কর্মরত আছি। আমি এত টাকা কোথায় পাব।’
টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’