মৌলভীবাজার

পরিবেশ ছাড়পত্র নবায়ন ছাড়া চলছে ১৫৪৪ প্রতিষ্ঠান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর জেলা মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন ১ হাজার ৮৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ছাড়পত্র নবায়ন করেনি ১ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব প্রতিষ্ঠান বছরের পর বছর রমরমা ব্যবসা করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না অধিদপ্তর। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, একাধিকবার নোটিস দেওয়ার পরেও কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য এযাবৎ আবেদন করেছে ১ হাজার ৯৫৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে ছাড়পত্র পায় ১ হাজার ৮৫৫টি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ছাড়পত্র নবায়ন করেছে ৪১৩টি প্রতিষ্ঠান। নবায়ন করেনি ১ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠান।

নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভীবাজার শহরের এক প্রাইভেট হাসপাতালের মালিক বলেন, ‘সরকারি ফির বাইরে অফিস স্টাফদের সন্তোষজনক সেলামি না দিলে তারা নানা সমস্যা দেখিয়ে লাইসেন্স নবায়ন করেন না। আমি সেলামি দিয়ে ছাড়পত্র নবায়ন করেছি।’

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম বলেন, নানা সমস্যার কারণে নবায়ন হয়নি এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যাচ্ছে না। সেলামি ছাড়া নবায়ন হয় না বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘পরিবেশমন্ত্রীর এলাকায় এ রকম কোনো অনিয়মের সুযোগ নেই।’ মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম বলেন, ‘মৌলভীবাজারে নতুন যোগ দেওয়ায় বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি।’