আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

মাদক কারবারিদের হামলায় ৬ পুলিশ আহত, গ্রেপ্তার ৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদকসহ আসামি গ্রেপ্তারের পর মাদক কারবারিদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায়  উপজেলার শিবনগর ইউনিয়নের মহেষপুর (গাদাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলায় আহত ৬ পুলিশ সদস্য হলেন ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, কনস্টেবল আব্দুর রাজ্জাক, মাহমুদ কলি, আনোয়ার হোসেন ও কনস্টেবল ইয়াসমিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবনগর ইউনিয়নের লাবু ইসলাম, তার স্ত্রী জেসমিন আরা, লাবু ইসলামের মা মনোয়ারা বেগম ওরফে লাবুজারা, একই এলাকার মো. ফিরোজ বাবু এবং পার্বতীপুর থানার ডাকুলা গ্রামের সাহেব আলী।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই আরিফ ও এসআই আবুল কালাম আজাদ অন্য পুলিশ সদস্যদের নিয়ে মহেষপুরে (গাদাপাড়া) অভিযান চালান। এ সময় লাবুর বাড়ি থেকে ৫২ বোতল ভারতীয় ফেনসিগ্রিপ জব্দ করা হয়। লাবু, জেসমিন আরা, লাবুজারাসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তখন তারা ধস্তাধস্তি ও চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে অন্য মাদক কারবারিরা এসে পুলিশের ওপর হামলা করে হাতকড়া পরা অবস্থায় লাবুসহ অন্যদের ছিনিয়ে নেয়। এ সময় আত্মরক্ষায় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাবুসহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আহত ৬ পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় রাতে পুলিশের পক্ষ থেকে নয়জনের নাম উল্লেখসহ আরও ১৪ থেকে ১৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলা দুটির অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।