পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম!

বরগুনা শহরের একটি বেসরকারী ক্লিনিকে জোড়া লাগানো একজোড়া জমজ কন্যা শিশুর জন্ম দিয়েছে এক মা। জন্ম নেয়া দুই নবজাতকের একজনের সঙ্গে আরেকজনের পেট জোড়া লাগানো রয়েছে।

বরগুনা শহরে বে-সরকারী ক্লিনিক শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে বুধবার(৭ জুন) বেলা সাড়ে বারোটার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা শিশু দুটির জন্ম হয়। এদিকে জোড়া লাগানো নবজাতক শিশু জন্ম নেবার সংবাদ ছড়িয়ে পড়লে তাদেরকে এক নজর দেখতে লোকজন ক্লিনিকে আসছে বলে ক্লিনিকের সুত্রে জানাগেছে।

হাসপাতাল ও শিশু দুটির স্বজনদের সুত্রে জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের গার্মেন্টস কর্মী বাদশার স্ত্রী মাহামুদা আক্তারকে বুধবার সকালে শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে ভর্তি করা হয়। বেলা সাড়ে বারোটায় পটুয়াখালী মেডিকেল কলেজের গাইনী ও শিশু বিভাগের প্রধান ডা. ফাতেমা ডরোথি এবং ডা. শিলা সিজারিয়ান অপারেশন করেন। এসময় পেটে জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম হয়। জোড়া নবজাতক শিশুরা সুস্থ আছেন।

শিশুদের মামা তরিকুল ইসলাম রোকন জানান, তার ভগ্নিপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো জমজ শিশু নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। শিশুদের আলাদা করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতার দাবি জানিয়েছেন।