আফগান গভর্নরের জানাজার সময় মসজিদে বিস্ফোরণ

আফগানিস্তানের বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদীর জানাজার সময় মসজিদের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাদাখশান প্রদেশের তথ্য অফিসের প্রধান মাহজুদিন আহমাদি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফাইজাবাদ শহরের একটি মসজিদের ভেতরে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। তবে তাদের সংখ্যা ঠিক কত তা স্পষ্ট করেননি তিনি।

এর আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গাড়ি বোমা হামলা চালিয়ে গত মঙ্গলবার ডেপুটি গভর্নরকে হত্যার দায় স্বীকার করে। ওই হামলায় তার গাড়িচালকও প্রাণ হারান।

প্রসঙ্গত, বাদাখশান আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশ যা চীন এবং তাজিকিস্তানের সাথে সীমান্ত ভাগ করে।