রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হায়েনার কামড়ে হাত হারিয়েছে দুই বছরের শিশু সাইফ হাসান। মা শিউলিসহ ছয় স্বজনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে চিড়িয়াখানায় গিয়েছিল শিশুটি। পরে বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (দারুস সালাম জোন) সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ দেশ রূপান্তরকে বলেন, হায়েনার খাঁচাটি সাত ফুট উঁচু লোহার রড ও বেড়া দিয়ে ঘেরা। তার ফুটখানেক আগে লোহার রড দিয়ে একটি নিরাপত্তা বেষ্টনী আছে। শিশুটি কোনোভাবে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বেড়ার ফোকর দিয়ে ডান হাত এগিয়ে দিলে হায়েনা তা কামড়ে ছিঁড়ে নেয়। তার ডান হাতের কবজিসহ অনেকখানি কামড়ে ছিঁড়ে নিয়েছে প্রাণীটি।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও দায়িত্বে অবহেলা ছিল কি না সেই বিষয়গুলো নিশ্চয়ই উঠে আসবে। এবং কারও দায়িত্বে অবহেলার বিষয় প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।