গাজীপুরে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন সদর পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বিলাশপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের অবৈধ বাজারমূল্য দেড় কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মালা (৩৮)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার টেংরাপাড়া (পাইলট স্কুলের সামনে) এলাকার শফিক মিয়ার স্ত্রী। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব বিলাশপুর গুজুর আলীর বাড়ির ভাড়াটিয়া।
বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান জানান, পুলিশ সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় মালাকে গ্রেপ্তার করা হয়। পরে তার সহযোগী পিপাসা আক্তারের বাসা থেকে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।