আমতলীতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ, আহত ১৫

বরগুনার আমতলীতে আঞ্চলিক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫। গুরতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়া হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি বাজার ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় পরিবহন (ঢাকা মেট্রো- ব ৯৫-৯৩৩১) এবং বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা আনোয়ার পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৫-৯৬১৪) নামের অপর দ্রুত গতির পরিবহন বাসটি পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের চুনাখালি ব্রিজ সংলগ্ন পৌঁছলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, যাত্রীবাহী বাস দুটি পুলিশ হেফাজতে আছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।