ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কিছুটা স্বস্তি ফিরেছে

দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কানাডার ভয়ংকর দাবানলের ধোঁয়ায় নাজেহাল যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলের বেশ কয়েকটি শহরে খানিকটা স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

তবে ঘন ওই ধোঁয়া এবার দেশটির দক্ষিণ প্রান্তের দিকে ধেয়ে যাচ্ছে। শুক্রবার (৯ জুন) মার্কিন সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের দুই অঙ্গরাজ্য নিউ উয়র্ক এবং ওয়াশিংটন ডিসির বিপদজনক বাতাসের মাত্রার কিছুটা উন্নতি হয়েছে।

কিন্তু দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি মহানগরে অস্বাস্থ্যকর বাতাসের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। এর মধ্যে বিশেষ করে সেন্ট লুইস, মিসৌরি, লুইসভিল এবং কেনটাকি শহর রয়েছে।

ভয়াবহ এই দাবনলের কারণে গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহরগুলোতে বায়ু দূষণের মাত্রা সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। চলতি সপ্তাহে বিপদজনক এই ধোঁয়ার কারণে লাখো বাসিন্দা স্বাস্থ্য সতর্কতার মধ্যে রয়েছে।

এজন্য কানাডা ও যুক্তরাষ্ট্র তাদের বাসিন্দাদের ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ এবং ফ্লাইট বাতিল করেছে।

এদিকে কানাডার ইন্টারএজিন্স ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্য মতে, শুক্রবারও দেশটিতে ৪শ’ টি দাবানল জ্বলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ২শ’টি একেবারে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এই ধোঁয়া যুক্তরাষ্ট্রের একটা বড় অংশের ওপর চলে গেছে।

এতে দেশটির বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে।