খার্তুমের এতিমখানা থেকে ৩০০ শিশু উদ্ধার

গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের একটি এতিমখানা থেকে আটকে পরা ৩০০ শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি নবজাতকও রয়েছে। রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি বৃহস্পতিবার (৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেল্যে।

প্রতিবদেনে বলা হয়েছে, সুদানের রাজধানী খার্তুমে প্রচন্ড লড়াই চলছিল। এতে একটি এতিমখানায় আটকে পরা ৩শ’টি শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ত্রাণ সংস্থাগুলো। এদের মধ্যে বেশ কয়েকটি নবজাত এবং বড় শিশু রয়েছে। তাদের সঙ্গে ৭০জন সেবাকর্মীও রয়েছে।

বৃহস্পতিবার তাৎক্ষণিক এক বিবৃতিতে রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি (আইসিআরসি) জানিয়েছে, আল মায়কোমা এতিমখানা থেকে এই শিশুদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তাদের একটি দল।

এদের মধ্য থেকে ১ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের খার্তুমের দক্ষিণ-পূর্বে জাজিরা প্রদেশের রাজধানী মাদানিতে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের দেখভালের জন্য ৭০ জন তত্ত্বাবধায়ক দেওয়া হয়েছে।

সুদানে আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান জিন-ক্রিস্টোফ স্যান্ডোজ বলেন, ‘তারা (শিশুরা) এমন একটি এলাকায় কঠিন মুহূর্ত কাটিয়েছে যেখানে গত ৬ সপ্তাহ ধরে সংঘাত চলছে।’

এদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, ‘খার্তুমের আল মায়কোমা এতিমখানা থেকে কমপক্ষে ৩শ’ শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুদানের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয় এই শিশুদের দায়িত্ব নিয়েছে। তাদের চিকিৎসা সেবা, খাদ্য, শিক্ষামূলক কার্যক্রম এবং খেলাসহ মানবিক সহায়তা প্রদান করছে ইউনিসেফ।’

ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর (আরএসএফ )মধ্যে রাজধানী খার্তুমে সহিংস সংঘর্ষ শুরু হয়। তখন রাজধানীর এই এতিমখানাটিতে আটকা পড়ে ক্ষুধা এবং অসুস্থতায় মারা যায় ৭১টি শিশু।