পটুয়াখালীতে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরকে (৩৮) পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে দুমকিতে লাশ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারসংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পটুয়াখালী শহরের চিহ্নিত সন্ত্রাসী অভিযুক্ত সাকিব গাজীর ফাঁসির দাবিতে লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধন শেষে সকাল সাড়ে ১০টায় জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিহত জাহাঙ্গীর ফকিরের জানাজা শেষে তাকে চরগরবদি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাটসংলগ্ন সিকদার রেস্টহাউজে ঢুকে শহরের চিহ্নিত সন্ত্রাসী সাকিব গাজীর নেতৃত্বে কয়েক সন্ত্রাসী হোটেলটির ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার ভোরে হাসপাতালে মারা যান জাহাঙ্গীর। নিহত জাহাঙ্গীর উপজেলা মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি গ্রামের জয়নাল ফকিরের ছেলে।