নিম্নমানের সামগ্রী ব্যবহার সড়কের কাজ বন্ধ করলেন এমপি

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) রুহুল আমীন মাদানী। গতকাল শুক্রবার বিকেলে সড়কের কাজ পরিদর্শন করতে এসে তিনি কাজ বন্ধ করে দেন।

জানা যায়, ত্রিশাল থেকে পোড়াবাড়ী পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের ৪ কোটি টাকার উন্নয়নকাজ চলমান আছে। সড়কের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার হচ্ছে এমন অভিযোগে শুক্রবার বিকেলে সড়ক পরিদর্শনে আসেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রুহুল আমীন মাদানী। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

স্থানীয়রা বলেন, ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে সড়কের নির্মাণকাজ করছেন। আমরা অনেকবার প্রতিবাদ করার পরও কাজ বন্ধ রাখেনি। পরে এমপিকে অবগত করা হয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ বিষয়ে পোস্ট দেয়। তার পরিপ্রেক্ষিতে এমপি পরিদর্শনে আসেন ও কাজ বন্ধের নির্দেশ দেন। আমরা এলাকার জনগণ এ সড়কের জন্য বছরের পর বছর কষ্ট করছি। আমরা চাই ভালো করে সড়কের কাজ করা হোক। এতে সড়ক অনেক দিন টেকসই হবে। যে নিম্নমানের কাজ করছে, কয়েক দিন পর আবার আগের অবস্থা হবে।

এ বিষয়ে সংসদ সদস্য রুহুল আমীন মাদানী বলেন, ‘এ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এমন অভিযোগে পরিদর্শনে আসি। ঘটনার সত্যতা পেয়ে ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’