রাশিয়ার অভ্যন্তরে ড্রোন তৈরির কারখানা স্থাপনে যৌথভাবে কাজ করছে তেহরান ও মস্কো। ইতোমধ্যে রাশিয়ায় শত শত ড্রোন পাঠিয়েছে ইরান। ফলে দেশ দুটির সামরিক সহযোগিতার সম্পর্কও আরও গভীর হচ্ছে। শুক্রবার (০৯ জুন) হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে এ দাবি জানান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউস বলছে, ইরানে তৈরি হওয়া ড্রোন বা চালকবিহীন উড্ডয়ন যানগুলো (ইউএভি) কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার জন্য পাঠানো হয়েছে। রুশ বাহিনী সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।
জন কিরবি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের জনগণকে ভয় দেখাতে ইরানের তৈরি ইউএভি ব্যবহার করা হচ্ছে। এছাড়া রাশিয়াতেই যেন ইরানের ড্রোন তৈরি করা যায়, তা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে কাজ করছে মস্কো। এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, একটি ড্রোন কারখানা গড়তে ইরানের কাছ থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে রাশিয়া। দেশটির আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানাটি তৈরির কথা ভাবছে মস্কো। আগামী বছরের শুরুর দিকে এটি পুরোদমে চালু হতে পারে। যুক্তরাষ্ট্র ওই এলাকার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে।